চোরাই মোবাইল ফোন উদ্ধার
দি নিউজ লায়ন ; গোপনসূত্রে অভিযান চালিয়ে নামিদামি কোম্পানির ১০৫টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় মোবাইল চোরাইচক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মহাজনপাড়া এলাকার অভিযুক্তের বাড়িতেই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই বাড়ি থেকে চোরাই এতগুলি মোবাইল একসঙ্গে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আশরাফুল আলম। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি ঘরের কোনে লুকানো ছিল চোরাই মোবাইল গুলি।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দু'জন চোরাকারবারির নামও বলেছে। যাদের সঙ্গে এই মোবাইল পাচার চক্রের কারবার চলছিল। এতগুলি মোবাইল কোথায় পাচার করা হতো, সেটিও তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া এই মোবাইল গুলি কালিয়াচকের কোন এক চোরাই চক্রের দলের কাছে মজুত করার পরেই সেগুলি ধৃত আশরাফুলের মাধ্যমেই বাইরে কোথাও পাচার করা হতো।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ১০৫টি চোরাই মোবাইল উদ্ধারের ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মালদা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment